কেনিয়ায় রপ্তানির জন্য জাহাজ নির্মাণ করল ওয়েস্টার্ন মেরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ায় রপ্তানির জন্য একটি বিশেষায়িত জাহাজের নির্মাণকাজ শেষ করেছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। প্রায় ২০ মিলিয়ন বা ১৬৪ কোটি টাকা রপ্তানিমূল্যের ছোট আকারের এই জাহাজ গতকাল বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলীর পানিতে ভাসানো হয়েছে। আগামী জুনে জাহাজটি রপ্তানি করা হবে।
জাহাজটি পানিতে ভাসানো উপলক্ষে গতকাল চট্টগ্রামের পটিয়ার কোলগাঁও এলাকায় কর্ণফুলী নদীর পাড়ে শিপইয়ার্ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৌ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, চট্টগ্রামের নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক, কেনিয়ার মৎস্য মন্ত্রণালয়ের প্রতিনিধি উইলি বেট ও মিচেনিযাপিত টিবা, ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার, ওয়েস্টার্ন মেরিন শিপইর্য়াডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড থেকে জাহাজটি কিনবে ডেনমার্কের জেজিএইচ মেরিন এ/এস কোম্পানি। এরপর ডেনমার্কের কোম্পানিটি কেনিয়ার মৎস্য মন্ত্রণালয়ের কাছে জাহাজটি হস্তান্তর করবে। জাহাজটি কেনিয়ার সমুদ্র এলাকায় মাছ ধরার ট্রলারের নিরাপত্তা তদারকিসহ সমুদ্রসম্পদ রক্ষার কাজে ব্যবহৃত হবে। এই জাহাজে রয়েছে হেলিকপ্টার নামানোর ব্যবস্থা। আবার জাহাজ থেকে জলদস্যুদের বহনকারী বা নিরাপত্তা বিঘ্নকারী জলযান নিয়ন্ত্রণ করার প্রযুক্তিও বসানো হচ্ছে।
‘অফশোর পেট্রোল ভেসেল’ হিসেবে পরিচিত বিশেষায়িত এই জাহাজ ঘণ্টায় চলবে ৩৫ নটিক্যাল মাইল (৬৫ কিলোমিটার) গতিতে। জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৫৪ মিটার। প্রস্থ সাড়ে আট মিটার। জাহাজটি নির্মাণের সময় মান তদারক করেছে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ক্লাস বি ভি’। গতকাল অনুষ্ঠানে মান নিয়ন্ত্রণকারী সংস্থার প্রতিনিধি হারুনুর রশীদ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন ও কেনিয়ার মৎস্য মন্ত্রণালয়ের প্রতিনিধির কাছে সনদ তুলে দেন।