কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত মোজাফরপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মামুদপুর গ্রামের আকাতুল ইসলামের সঙ্গে রুকনুজ্জামান ও খায়রুল ইসলামের বিরোধ চলে আসছিল। এর জেরে দুপুর সাড়ে ১২টার দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে গুরুতর আহত আকাতুল ইসলাম (৩৫), সিরাজ মিয়া (৩০), আবুল কালাম (৪০), সজল ইসলাম (১৭), হযরত আলী (২৮), রীমা (৪২), ফজলুল হক (৪৫), রনি (২৬), সুমন (৩৫), ইয়াসমিন (১৭), জমসুর মিয়া (২৫), নার্গিস (৫৫) ও সম্রাট মিয়াকে (২০) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সন্ধ্যায় কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র দাস বলেন, নির্বাচনী ও গ্রাম্য বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।