কেন্দুয়ায় লোডশেডিং জনজীবন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) অধীন কেন্দুয়া উপজেলায় এক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে পবিস সূত্রে জানা গেছে।।
পবিসের কেন্দুয়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, একটি পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে পল্লী বিদ্যুতের প্রায় ২২ হাজার গ্রাহক আছে। এ ছাড়াও দিনদিন গ্রাহকের সংখ্যা বাড়ছে। এ অবস্থায় উপজেলায় বিদ্যুতের চাহিদার পরিমাণ প্রায় সাড়ে ছয় মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে দুই থেকে তিন মেগাওয়াট। ফলে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
কয়েকজন গ্রাহক জানান, উপজেলা সদরসহ গ্রামাঞ্চলে এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে সাত-আট ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। প্রতিদিন দিন সন্ধ্যায় (পিক আওয়ার) বিদ্যুৎ চলে যায়। এ ছাড়া সকাল থেকে গভীর রাত পর্যন্ত কমপক্ষে ১০-১২ বার লোডশেডিং হয়। একবার বিদ্যুৎ গেলে আধা ঘণ্টা থেকে দুই ঘণ্টা পর আসে। অব্যাহত লোডশেডিং এবং ঘন ঘন বিদ্যুৎবিভ্রাটের কারণে দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, কলকারখানায় উৎপাদন এবং বিদ্যুৎনির্ভর সব ধরনের কাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে।
উপজেলার মাস্কা ইউনিয়নের মাস্কা সোয়েটার কারখানা লিমিটেডের পরিচালক জাহাঙ্গীর হোসেন লিটন বলেন, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। বিকল্প উপায়ে বিদ্যুতের ব্যবস্থা (জেনারেটর) করে কারখানা চালু রাখতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।
কয়েকজন শিক্ষার্থী জানায়, প্রয়োজনের সময় বিদ্যুৎ না থাকায় লেখাপড়ার করতে সমস্যা হয়। এতে তাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে।
পবিসের সাহিতপুর অভিযোগ কেন্দ্রের দায়িত্বে থাকা লাইনম্যান জয়েন উদ্দিন বলেন, কয়েক দিন ধরে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গত সোম ও রোববার মাত্র তিন মেগাওয়াট করে বিদ্যুৎ পাওয়া গেছে। এর আগের দিন শনিবার সরবরাহ মিলেছে মাত্র দুই মেগাওয়াট। এ অবস্থায় একটি লাইন বন্ধ রেখে অপর লাইনে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। ফলে লোডশেডিং বেড়ে গেছে।
পবিসের কেন্দুয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আলমগীর হোসেন বলেন, শিগগিরই লোডশেডিংয়ের সমস্যা কেটে যাবে।