কেন্দুয়ায় সারের মজুত নিয়ে কারসাজির প্রমাণ মিলেছে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইউরিয়া সারের মজুত নিয়ে কারসাজির প্রমাণ মিলেছে। আগে দেখানো মজুতের চেয়ে তদন্তে ৯৬০ বস্তা সার কম পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা প্রশাসন সারের মজুত-সম্পর্কিত এ তালিকা সম্প্রতি জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছে।
গত ২৫ আগস্ট সরকারিভাবে ইউরিয়া সারের দাম বস্তাপ্রতি ২০০ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়। পরে ভর্তুকি পাওয়ার লোভে কৃষি কার্যালয়ের যোগসাজশে সারের পরিবেশকেরা (ডিলার) অবৈধভাবে সারের মজুতের পরিমাণ বেশি দেখান। এতে উপজেলায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও সার বিতরণে অনিয়ম দেখা দেয়। একপর্যায়ে মজুতে কারসাজিসহ বিভিন্ন অভিযোগে উপজেলার তিনজন সারের পরিবেশককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ অবস্থায় ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিবেশকদের সারের গুদাম পরিদর্শন ও এ-সংক্রান্ত কাগজপত্র দেখে মজুতে কারসাজির অভিযোগের সত্যতা পান। পরে জেলা প্রশাসন থেকে জেলার তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে উপজেলায় মজুতকৃত সারের পরিমাণ সম্পর্কে দ্রুত প্রতিবেদন পাঠাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়।
ইউএনও মোহামঞ্চদ রেজাউল করিম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক পরিবেশকদের গুদামের কাগজপত্র দেখে ২৫ আগস্ট প্রতিবেদন দাখিল করেন। তাতে বলা হয়, কৃষি কার্যালয় থেকে পাঠানো আগের তালিকার চেয়ে ৯৬০ বস্তা সার কম পাওয়া গেছে। সারের মজুত নিয়ে কারসাজির ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে কৃষি কর্মকর্তা এখলাছ উদ্দিনের কাছে লিখিতভাবে কৈফিয়ত চেয়েছে। এ ব্যাপারে ইউএনও জানান, গুদামের কাগজপত্র দেখে ওই প্রতিবেদন দেওয়া হয়েছে। এ ব্যাপারে নেত্রকোনা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কাজী নূরুল ইসলাম প্রথম আলোকে জানান, এ ঘটনায় ইতিমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তাকে লিখিতভাবে কৈফিয়ত দিতে বলা হয়েছে।