কেন্দুয়া ইউএনওকে প্রত্যাহারের দাবি আ.লীগের
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন ও সরকারি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় স্থানীয় আওয়ামী ও যুবলীগের নেতা-কর্মীদের ফাঁসাতে মামলা করা হয়েছে। শিগগির ওই মামলা তুলে নিতে হবে এবং সাত দিনের মধ্যে ইউএনওকে প্রত্যাহার করতে হবে। গত মঙ্গলবার কেন্দুয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোফাজ্জল হোসেন বলেন, কে বা কারা ওই ভাঙচুর চালিয়েছে। কিন্তু ইউএনও উদ্দেশ্যমূলকভাবে ছাত্রলীগ ও যুবলীগের ৩২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সদস্য আসাদুল হক ভুঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহজাহান তালুকদার, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ভুঁইয়া, যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।লোডশেডিংয়ের কারণে গত শনিবার রাতে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে না পারার ক্ষোভে একদল মানুষ ইউএনওর বাসভবন, উপজেলা পরিষদের সম্মেলনকক্ষসহ কয়েকটি সরকারি কার্যালয়ে ভাঙচুর করে। এ ঘটনায় ইউএনও মো. ওবায়দুর রহমান বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত অন্তত ৭০ জনের বিরুদ্ধে গত রোববার রাতে কেন্দুয়া থানায় মামলা করেন।ইউএনও প্রথম আলোকে জানান, প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে ওই মামলা করা হয়েছে। এতে রাজনৈতিক বিবেচনা করা হয়নি।