কেন্দুয়া উপজেলা আ.লীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করার দাবিতে নেতা-কর্মীরা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলা শহরে এসব কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নূরুল ইসলাম সভাপতি ও জাহাঙ্গীর চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নিয়মানুযায়ী তিন বছর পর সম্মেলন করে নতুন কমিটি গঠন করার কথা। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও সম্মেলন করে নতুন কমিটি গঠন করা হয়নি। এতে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। এ অবস্থায় ২৩ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দিনক্ষণ ধার্য করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বের করে আনার দাবিতে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক নেতা-কর্মী উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গতকাল বেলা একটা থেকে দুইটা পর্যন্ত অবস্থান ধর্মঘট করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজিজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া, পাইকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি কামরুল হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম বলেন, ‘সম্মেলন করার বিষয়টি কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতাদের সিদ্ধান্তের বিষয়। এ নিয়ে আমার কিছুই করার নেই।’
তবে এ বিষয়ে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির ভূঁইয়ার কথায় উপজেলা কমিটির নেতাদের সম্মেলন না করার ইচ্ছার বিষয়টিই ফুটে উঠেছে। এ বিষয়ে তিনি বলেন, সম্মেলন করার জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের নেতাদের ইতিমধ্যে তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না।