কেন্দুয়া ডিগ্রি কলেজে শিক্ষকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের হাতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে নেত্রকোনার কেন্দুয়া ডিগ্রি কলেজে শিক্ষকদের কর্মবিরতি গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো অব্যাহত ছিল। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে।প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্র জানায়, গত মঙ্গলবার কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মো. আবুল বাশার মিয়া শ্রেণীকক্ষে পরীক্ষা নেওয়ার সময় কতিপয় উচ্ছৃঙ্খল শিক্ষার্থী মুঠোফোনে উচ্চশব্দে গান শুনছিল। এতে পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন এবং পাশের শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছিল। তিনি এ ধরনের আচরণ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা আবুল বাশার মিয়ার ওপর চড়াও হয় এবং তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। একপর্যায়ে অপর শিক্ষকেরা এর প্রতিবাদ জানালে তাঁদেরও প্রকাশ্যে হুমকি-ধমকি দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষকেরা এ ঘটনার প্রতিবাদে এবং দোষী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে ক্লাস বর্জনের ঘোষণা দেন। লাঞ্ছনার শিকার প্রভাষক আবুল বাশার মিয়া বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে ক্লাসে ফিরব না।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ উত্তম কুমার কর বলেন, ‘আমরা এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’