কেন্দুয়া থানার ওসিসহ পাঁচ কর্মকর্তাকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগের ঘটনায় নেত্রকোনার কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচ কর্মকর্তা ও একজন কনস্টেবলকে গত শনিবার অতিরিক্ত পুলিশ সুপারের (সদর) কার্যালয়ে তলব করা হয়।এ ছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ১০ জন চেয়ারম্যানের মৌখিক ও লিখিত বক্তব্য নেওয়া হয়।সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি স্থানীয় একদল ব্যক্তি কেন্দুয়া থানার ওসি মো. আলমগীর শেখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এবং এর প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর বরাবর লিখিত স্মারকলিপি পাঠান। ওসির বিরুদ্ধে টাকা ছাড়া কোনো মামলা নথিভুক্ত না করা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেওয়াসহ বেশ কয়েকটি অভিযোগ করা হয়। এ ছাড়া থানার কয়েকজন উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই) ও কনস্টেবল এর সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়। এর অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক, ঢাকা রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক ও নেত্রকোনার পুলিশ সুপারকে পাঠানো হয়।অভিযোগ খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. দেলোয়ার হোসেন শনিবার ওসিসহ ওই পুলিশ কর্মকর্তাদের তাঁর দপ্তরে তলব করেন। প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুল মোমেনও উপস্থিত ছিলেন।এ ছাড়া অভিযোগের সত্যতা যাচাই এবং এ-সংক্রান্ত সাক্ষ্য দেওয়ার জন্য উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও নোটিশের মাধ্যমে তলব করা হয়।ওসি আলমগীর বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসব অভিযোগ সম্পর্কে আমাদের বক্তব্য দিয়েছি। বেনামে করা অভিযোগ মোটেও সত্য নয়।’নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জনপ্রতিনিধি বলেন, ‘কয়েক মাস আগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়ও ওসি ও অন্যান্য পুলিশ কর্মকর্তার দুর্নীতির বিষয়ে সমালোচনা করা হয়। আমরা বাড়িয়ে কিছু বলিনি বা লিখিনি। যা বাস্তব ও সত্য অভিযোগ করেছি।’