কেন্দুয়ার পৌর কমিশনার ইনসান হত্যার দায়ে ১০ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার কমিশনার ইনসান উদ্দিন ভূঁইয়াকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন এবং অপর পাঁচজনের পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. রেজাউল ইসলাম এ রায় দেন।এর মধ্যে আসামি আবদুল হাই, ইসহাক, খোকন, কুদ্দুস ও জামালকে যাবজ্জীবন এবং হিরন, খায়রুল, আনজু মিয়া, কামাল ও ফরিদকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।মামলার বিবরণে বলা হয়, ২০০৬ সালের ২৯ সেপ্টেম্বর নেত্রকোনার চন্দগাতি গ্রামে নিজ বাড়ির পাশে ইনসান উদ্দিন ভূঁইয়ার ওপর পরিকল্পিতভাবে আক্রমণ করে আসামিরা। তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর ইনসান মারা যান। এ ঘটনায় কেন্দুয়া থানায় মামলা হয়। ২০০৬ সালের ৮ ডিসেম্বর পুলিশ ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।