কেন্দুয়ায় অজ্ঞাত রোগে মরছে গাছ
নেত্রকোনার কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের দুই পাশের গাছ মরে যাচ্ছে। গত এক বছরে এই সড়কের তিন কিলোমিটার অংশের অর্ধশতাধিক গাছ অজ্ঞাত রোগে মরে গেছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সান্দিকোনা এবং গণ্ডা ইউনিয়নের হেনেরগাতি মোড় এলাকা থেকে কালিয়ান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার দুই পাশে বিভিন্ন জাতের গাছের সারি। এর মধ্যে অনেক গাছ শুকিয়ে মরে যাচ্ছে। মরা গাছের ডালপালা স্থানীয় লোকজন কেটে নিয়ে যাচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ নেত্রকোনা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের দুই পাশে মেহগনি, শিশু, আকাশিসহ বিভিন্ন জাতের গাছের চারা লাগানো হয়। এক বছর ধরে অজ্ঞাত রোগে গাছগুলো মারা যাচ্ছে।
স্থানীয় লোকজন বলেন, সড়কের দুই পাশে অনেক মূল্যবান গাছ থাকলেও শিশুগাছই বেশি মরছে। কিন্তু কী কারণে এমনটি হচ্ছে তা তাঁরা জানেন না। সওজ ও উপজেলা প্রশাসন গাছগুলো রক্ষার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না।
স্থানীয় গণ্ডা ও সান্দিকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান যথাক্রমে মো. সঞ্জু মিয়া এবং আজিজুল ইসলাম বলেন, সড়কের দুই পাশের গাছগুলো এভাবে মরে যাওয়ায় রাস্তার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। গাছগুলো রক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুব দ্রুত নজর দেওয়া দরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম বলেন, ‘এভাবে সড়কের মূল্যবান গাছ মরে যাওয়ার ঘটনা খুবই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি জেলার আগামী উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় উত্থাপন করা হবে।’
সওজ নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, সড়কের দুই পাশের গাছ মরে যাওয়ার বিষয়টি তিনি জেলা পরিষদ ও বন বিভাগকে জানিয়েছেন। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।