কেন্দুয়ায় অনিয়ম ঠেকাতে খাদ্যগুদামে নির্বাহী হাকিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়ম ঠেকাতে উপজেলা খাদ্যগুদামে গতকাল বৃহস্পতিবার নির্বাহী হাকিমকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। কৃষকদের বদলে ব্যবসায়ীদের গুদামে ধান দেওয়াসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন এ ব্যবস্থা নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ২ হাজার ৮৪৬ টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ২৩ টাকা দরে কৃষকদের কাছ থেকে এসব ধান কেনার কথা। কিন্তু উপজেলা সদরের সরকারি খাদ্যগুদামে সরকারি এ নির্দেশনা মানা হচ্ছে না, এমন অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম গতকাল দুপুরে খাদ্যগুদামে ছুটে যান।
এ সময় ‘কৃষিকার্ড’ ছাড়া কেউ যাতে ধান বিক্রি করতে না পারেন এবং সরকারিভাবে ধান বিক্রি করতে আসা কৃষকেরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে জন্য তিনি গুদামের কর্মকর্তাদের সতর্ক করে দেন। তা ছাড়া কৃষকেরা যাতে লাইন ধরে সুষ্ঠুভাবে গুদামে ধান বিক্রি করতে পারেন, সে জন্য তাৎক্ষণিকভাবে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুস সালাম চৌধুরীকে খাদ্যগুদামে দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউএনও মুহাম্মদ মুতাসিমুল ইসলাম বলেন, ‘খাদ্যগুদামে ব্যবসায়ীরা ধান দিচ্ছেন, কৃষকদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে কৃষকদের স্বার্থে এ উদ্যোগে নেওয়া হয়েছে।’