কেন্দুয়ায় অপহরণের ২১ দিন পর ছাত্রের লাশ উদ্ধার
নেত্রকোনার কেন্দুয়ায় শুক্কুর আলী (১২) নামের অপহৃত এক স্কুলছাত্রের লাশ ২১ দিন পর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার চিটুয়া নওপাড়া গ্রামের পার্শ্ববর্তী সূতি নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। শুক্কুর আলী পঞ্চম শ্রেণির ছাত্র এবং উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া গ্রামের মোহাম্মদ ফারুক মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৯ জুন বিকেলে বাড়ি থেকে ওষুধ আনতে বাজারে যাওয়ার পথে সে অপহৃত হয়। এর পর থেকে অপহরণকারীরা শুক্কুর আলীর বাবার কাছে মুঠোফোনে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। গত সোমবার রাতে মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে উপজেলার রাজীবপুর তারাকান্দা গ্রামের হুমায়ুন কবীর নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন রাতেই হুমায়ুন কবীরের দেওয়া তথ্যের ভিত্তিতে চিটুয়া নওপাড়া গ্রামের কলেজছাত্র সোহাগ ও একই গ্রামের শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে শুক্কুর আলীকে অপহরণের পর হত্যা করে নদীর তীরে পুঁতে রাখার কথা স্বীকার করে তারা। অবশ্য বর্তমানে ওই স্থানটি দু-তিন ফুট পানির নিচে। গতকাল দুপুরে সোহাগ ও শামীমকে সঙ্গে নিয়ে পুলিশ সেখান থেকে শুক্কুর আলীর লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্কুর আলীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা গত সোমবার কেন্দুয়া থানায় অপহরণ মামলা করেন।