কেন্দুয়ায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা, আটক ২
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগের কর্মী শামছু মিয়াকে (৫০) সন্ত্রাসীরা গতকাল সোমবার প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে। তাঁর বাড়ি একই ইউনিয়নের চরখিদিরপুর গ্রামে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন যুবদলের সাবেক এক নেতার বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।পুলিশ জানায়, গতকাল সকাল নয়টার শামছু সাহিতপুরবাজার থেকে পিকআপে করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এ সময় সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর এলাকায় পৌঁছালে সেখানে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে পিকআপ থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ওই ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলীসহ একাধিক ব্যক্তির বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে কেন্দুয়া ও নেত্রকোনা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেত্রকোনার জেলা প্রশাসক আনিস মাহমুদ, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুল মোমেন ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল মোমেন বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিবেশ এখন শান্ত রয়েছে।সান্দিকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম জানান, শামছু আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফজলু মিয়া ও তারা মিয়া নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।