কেন্দুয়ায় আমন খেতে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার আমন খেতে বাদামি গাছফড়িং পোকার উপদ্রব দেখা দিয়েছে। এতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। পোকা দমন করতে উপজেলা কৃষি কার্যালয় পর্যবেক্ষণ দল গঠন করেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৯ হাজার ২০০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়নের অধিকাংশ এলাকায় আমন খেতে বাদামি গাছফড়িং পোকার আক্রমণ দেখা দিয়েছে।
পোকার জন্য অনুকূল আবহাওয়া, ঘন করে চারা রোপণ এবং জমিতে মাত্রাতিরিক্ত ইউরিয়ার ব্যবহার ও পটাশের পরিমাণ কমে যাওয়ার কারণে এ উপদ্রব বেড়েছে। এ পোকা ধানগাছের গোড়া থেকে রস চুষে নেয়।
এ কারণে গাছ বিবর্ণ হয়ে শুকিয়ে যায়। আর শুকিয়ে যাওয়া এসব ধানগাছ গোখাদ্য হিসেবেও ব্যবহার করা যায় না। এ পর্যন্ত প্রায় তিন হেক্টর জমি আক্রান্ত হয়েছে। তবে কৃষকেরা জানিয়েছেন, আক্রান্ত জমির পরিমাণ ৫০ হেক্টর বা এরও অনেক বেশি।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বাদামি গাছফড়িং পোকা দমন করতে হলে ধানখেতে রাতে আলোর ফাঁদ পাততে হবে। এ ছাড়া প্রাথমিকভাবে ধানগাছ ফাঁক করে দিতে হবে। আক্রান্ত খেতে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা করে দিতে হবে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পোকার আক্রমণে ধানগাছ বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে। আক্রমণ মোকাবিলায় খেতে কীটনাশক ব্যবহারে ব্যস্ত আছেন কৃষকেরা। কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। কৃষকেরা অভিযোগ করেন, এ অবস্থায় স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাদের তাঁরা কাছে পাচ্ছেন না।
উপজেলার খিদিরপুর গ্রামের কৃষক লুৎফর রহমান বলেন, পোকায় আক্রান্ত খেত দেখলে চোখে পানি এসে যায়। বিশেষ করে ব্রি-৪৯ ও গুটি ইরি ধানের খেতে এ আক্রমণ বেশি হয়েছে। কীটনাশক ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না। এ অবস্থায় স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তারও কোনো তৎপরতা নেই।
দুরছাপুর গ্রামের আরেক কৃষক বাহার উদ্দিন বলেন, ‘আমার প্রায় ৫০ (৫০০ শতক) কাঠা জমিতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়েও তেমন ফল পাচ্ছি না।’
চাট্টা গ্রামের কৃষক মো. তারা মিয়া বলেন, ‘আমার প্রায় সাড়ে তিন কাডা (৩৫ শতক) খেত একেবারে শেষ হয়ে গেছে। এসব শুকিয়ে যাওয়া ধানগাছ এখন গরুও খেতে চায় না।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম বলেন, পোকার আক্রমণ মোকাবিলায় মাঠপর্যায়ে তদারকি ও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য ইতিমধ্যে তিনটি পর্যবেক্ষণ দল গঠন করা হয়েছে। ওই দলের সদস্যরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। তবে পোকার আক্রমণ দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়া হবে।