কেন্দুয়ায় উদ্ধার করা লাশের পরিচয় মিলেছে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাইজকান্দি পুকুরিয়া হাওর থেকে দুই মাস আগে উদ্ধার করা এক নারীর লাশের পরিচয় জানা গেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মুক্তার হোসেন জানান, গত ১৮ মে মাইজকান্দি পুকুরিয়া হাওর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশের পক্ষ থেকে লাশের ছবি তুলে পোস্টারিং করা হয়। পোস্টার দেখে ২৫ জুন ওই নারীর স্বজনেরা থানায় আসেন।সূত্র জানায়, এ ঘটনায় গত বুধবার রাতে নেত্রকোনা শহর থেকে আলম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরদিন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে বলা হয়, জেলার বারহাট্টা উপজেলার দশাল গ্রামের ওই নারীর সঙ্গে আলম প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি ওই নারীকে ডেকে এনে পাঁচজন সহযোগী নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।আলমের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর সহযোগী সায়রুলকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়।