কেন্দুয়ায় একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী সালমা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালমা আক্তার। তিনি উপজেলার চিরাং ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২৩ এপ্রিল এই উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৭ মার্চ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। চিরাং ইউপিতে চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের সালমা আক্তার, বিএনপির মাহবুব আলম খান, জাতীয় পার্টির জসিম উদ্দিন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল মান্নান, বিএনপির ‘বিদ্রোহী’ হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান ভূঁইয়া লিটন এবং অপর স্বতন্ত্র প্রার্থী গোলাপ খান।
সালমা আক্তার বলেন, ১৯৯২ সালে চিরাং ইউনিয়নে তিনি প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৩ সালে আবারও চেয়ারম্যান হন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক সালমা আক্তার আরও বলেন, ‘দুই মেয়াদে চেয়ারম্যান থাকাকালে নারী নির্যাতন বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি যৌতুকের বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার ছিলাম। এবার নির্বাচিত হলে নারীদের অধিকার প্রতিষ্ঠাসহ এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক বলেন, উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে একমাত্র নারী প্রার্থী হলেন চিরাং ইউনিয়নের সালমা আক্তার।