কেন্দুয়ায় কৃষি কর্মকর্তারা এবার মাঠে নেমেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আমন খেতে বাদামি গাছফড়িং পোকার আক্রমণ মোকাবিলায় কৃষি বিভাগের কর্মকর্তাদের তৎপরতা আগের চেয়ে বেড়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এখন এলাকায় গিয়ে খেত পরিদর্শন ও কৃষকদের পরামর্শ দিচ্ছেন। সেই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদেরও এলাকার কৃষকদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এলাকার কৃষক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. এমদাদ হোসেন গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার খিদিরপুর ও দুরছাপুর গ্রামে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং পোকায় আক্রান্ত খেত ঘুরে দেখেন। সেই সঙ্গে পোকার আক্রমণ মোকাবিলায় খেতের ধানগাছ ফাঁক করে দিতে এবং অনুমোদিত কীটনাশক ব্যবহার করার জন্য তাঁদের পরামর্শ দেন। এ সময় উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল বারী ও এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুল হাই উপস্থিত ছিলেন।
আগের দিন উপজেলার কৃষি কর্মকর্তা মো. হাসান ইমামের নেতৃত্বে কৃষি বিভাগের একদল কর্মকর্তা খিদিরপুর ও দুরছাপুর গ্রামে যান। তাঁরা দিনভর সেখানে অবস্থান করেন। ওই দিন কর্মকর্তাদের দলটি একইভাবে এলাকার আক্রান্ত খেত পরিদর্শন করেন। সেই সঙ্গে পোকার উপদ্রব মোকাবিলায় কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের নানাভাবে পরামর্শ দেওয়া হয়। তা ছাড়া সংশ্লিষ্ট উপসহকারীদের এলাকার কৃষকদের পাশে থেকে তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ারও নির্দেশ দেন তিনি। মো. আবদুল বারী এবং উপসহকারী কর্মকর্তাসহ অন্তত ১০ জন কর্মকর্তা ওই দলে ছিলেন।
মো. হাসান ইমাম প্রথম আলোকে বলেন, ‘পোকার আক্রমণ মোকাবিলায় এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া অব্যাহত থাকবে। তা ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থাকায় আমাদের কাজের গতিশীলতা আরও বেড়েছে। সেই সঙ্গে এলাকার সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদেরও এখন থেকে দায়িত্ব পালনে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
গত বুধবার ‘কেন্দুয়ায় আমন খেতে পোকার আক্রমণ, দিশেহারা কৃষক’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।