কেন্দুয়ায় গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য
নেত্রকোনার কেন্দুয়ায় রোজিনা আক্তার (২৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের ফতেপুর গ্রামের রোজিনার শ্বশুরবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।রোজিনার পরিবারের সদস্যরা অভিযোগ করেছে, যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে।রোজিনার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে একই ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের আঙ্গুর মিয়ার মেয়ে রোজিনার সঙ্গে ফতেপুর গ্রামের মিয়াবক্সের ছেলে আবদুল জব্বারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী জব্বারসহ শ্বশুরবাড়ির লোকজন রোজিনাকে নির্যাতন করে আসছিল। যৌতুক হিসেবে একাধিকবার আসবাবসহ নগদ অর্থ দেওয়ার পরও রোজিনার ওপর নির্যাতন কমেনি। গত শুক্রবার রাতে রোজিনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে তাঁর শ্বশুরবাড়ির লোকজন বাবার বাড়িতে খবর পাঠায়। ওই রাতেই রোজিনার পরিবারের সদস্যরা তাঁর শ্বশুরবাড়িতে ছুটে গিয়ে লাশ খাটের ওপর শোয়ানো অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।রোজিনার বাবা আঙ্গুর মিয়া অভিযোগ করেন, যৌতুকের জন্য পরিকল্পিতভাবে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন রোজিনাকে হত্যা করেছে। পরে আত্মহত্যার ঘটনা সাজানো হয়।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে তাঁরা আইনানুগ ব্যবস্থা নেবেন।