কেন্দুয়ায় চারটি পরিবার এক মাস ধরে একঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের হাঁসকান্দা গ্রামের একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে গ্রামের চারটি পরিবারকে এক মাস ধরে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ওই সব পরিবারের অন্তত ছয় একর জমি পতিত রয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাঁসকান্দা গ্রামের আবদুল আজিজ ২০০৯ সালে স্থানীয় শিমুলতলীতে হাটের জন্য ৩৩ শতাংশ জমি জেলা প্রশাসন বরাবর স্বত্বার্পণ দলিল করে দেন। জমিদাতা আবদুল আজিজকে হাটের খাস আদায় থেকে শতকরা ২৫ ভাগ দেওয়া হবে এবং বাজারটি সরকারিভাবে নিবন্ধিত হলে (নিবন্ধন প্রক্রিয়াধীন) চলতি বাজারমূল্য অনুযায়ী জমির দাম পরিশোধ করা হবে মর্মে আজিজের সঙ্গে গড়াডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দুজ্জামানসহ ছয়জনের একটি চুক্তি হয়। এরপর ওই জায়গায় গরু-ছাগলের হাট বসানো হলেও সেখান থেকে আদায় হওয়া টোলের প্রাপ্য অংশ থেকে আবদুল আজিজকে বঞ্চিত করা হয়। একপর্যায়ে এ ঘটনায় একাধিকবার সালিস বসে।এর জের ধরে সৈয়দুজ্জামান এবং হাঁসকান্দা গ্রামের আবদুল কাদিরের নেতৃত্বে স্থানীয় একটি প্রভাবশালী মহল সালিস বসিয়ে আবদুল আজিজের পরিবারকে একঘরে করে রাখার ঘোষণা দেয়। এর পর থেকে এক মাস ধরে আবদুল আজিজ ও তাঁর তিন ভাইয়ের পরিবারের সদস্যরা একঘরে অবস্থায় রয়েছেন। বর্তমানে নিরাপত্তার অভাবে আবদুল আজিজ ও তাঁর তিন ভাইয়ের পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এ অবস্থায় ওই পরিবারের সদস্যরা নেত্রকোনা জেলা প্রশাসকের শরণাপন্ন হলে তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনা তদন্তের দায়িত্ব দেন। ম্যাজিস্ট্রেট সামছুল হক সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের তদন্ত করেন।গত রোববার আবদুল আজিজের মেয়ে মুঠোফোনে বলেন, ‘বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই। এহন আমরাই শুধু বাচ্চা-কাচ্ছা নিয়ে আছি।’আবদুল আজিজ বলেন, ‘একঘরে করে রাখায় প্রায় এক মাস আমরা বাড়ি থাইক্যা বাইর অইতে পারি নাই। এমনকি তাঁরা জমিতে হালচাষ করতেও দিচ্ছে না। আমরা গিরছ (কৃষক) মানুষ। ধান না করলে খামু কী? এহন নিরাপত্তার অভাবে আমরা বাড়িছাড়া।’ঘটনার সত্যতা নিশ্চিত করে গড়াডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহম্মদ বলেন, ‘অন্যায়ভাবে আবদুল আজিজসহ তাঁর ভাইদের একঘরে করে রাখা হয়েছে। এই অপকর্মের সঙ্গে দলের কতিপয় নেতা-কর্মী জড়িত থাকার অভিযোগ পেয়েছি।’গড়াডোবা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান বলেন, ‘এলাকার চিহ্নিত একটি প্রভাবশালী মহল এই অমানবিক কাজ করছে।’ অভিযোগের ব্যাপারে গড়াডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দুজ্জামান বলেন, ‘ঘটনাটা সত্যিই। আজিজ একজন খারাপ মানুষ। আমরার কথা শুনলে আজ তাঁদের এই অবস্থা হইত না।’নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুল হক বলেন, আবদুল আজিজকে একঘরে করে রাখার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে পরিস্থিতি আগের মতো এত প্রতিকূলে নয়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বাজারটি ঘিরেই যত সব ঘটনা। নিবন্ধনের প্রক্রিয়াধীন থাকা বাজারটি নিবন্ধিত হলেই এই পরিস্থিতি আর থাকবে না।’