কেন্দুয়ায় জুয়ার নামে ষাঁড়ের লড়াই নিয়ে সংঘর্ষে নিহত ১
নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার নামে ষাঁড়ের লড়াইয়ের আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। নিহতের নাম আবু ছাদেক (৫৫)।ঘটনাটি ঘটেছে গতকাল রোববার উপজেলার চিরাং ইউনিয়নের সাজিউড়া বাজার এলাকায়। এ সময় বাজারে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।আবু ছাদেকের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকাল ছয়টার দিকে স্থানীয় সাজিউড়া উচ্চবিদ্যালয় খেলার মাঠে মোটা অঙ্কের টাকার বাজি ধরে সাজিউড়া পূর্বপাড়া গ্রামের হাছান আলী ওরফে হাছু মিয়ার ষাঁড় ও সাগুলী গ্রামের হবু মিয়ার ষাঁড়ের মধ্যে লড়াইয়ের আয়োজন করা হয়। তা ছাড়া দর্শক নিজেদের মধ্যে আরও কয়েক লাখ টাকার বাজি ধরে। লড়াইয়ে সাজিউড়া গ্রামের হাছু মিয়ার ষাঁড় বিজয়ী হলে এ নিয়ে প্রথমে দুই পক্ষের লোকজনের মধ্যে ঝগড়া বাধে।এ সময় সাজিউড়া পশ্চিমপাড়া গ্রামের আবু ছাদেক দুই পক্ষকে থামাতে গেলে প্রতিপক্ষের লোকেরা তাঁকে কিল-ঘুষি এবং বল্লম দিয়ে বুকে আঘাত করে। একপর্যায়ে আবু ছাদেক মাটিতে লুটিয়ে পড়লে মুমূর্ষু অবস্থায় তাঁকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে সকাল ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাজিউড়া পূর্বপাড়া গ্রামের লোকজন তেঁতুলিয়া এবং পশ্চিমপাড়ার লোকজন সাগুলী গ্রামের পক্ষ নিয়ে সাজিউড়া বাজার এলাকায় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র ও ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়।সংঘর্ষ চলাকালে স্থানীয় সাজিউড়া বাজারের বড় পাইকারি ব্যবসায়ী প্রতিষ্ঠান জয়নাল স্টোর, ফারুক, সুলেমান, ফজলু মিয়া, হুমায়ুন, চমক আলী, আবু সাঈদ মিয়াসহ কমপক্ষে ১৫টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তা ছাড়া পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম ঘটনাস্থলে পৌঁছান।ইউএনও মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত সাত-আট রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।’পরে দুপুরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল), মো. শরিফুল ইসলাম, কেন্দুয়া পৌরসভার মেয়র আবদুল হক ভূঁইয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান ভূঁইয়া এলাকার লোকজনকে নিয়ে বৈঠকে বসেন।সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম বলেন, বৈঠকে বিবদমান দুই পক্ষ মুচলেকা দিয়ে আর সংঘর্ষে না জড়ানোর বিষয়ে অঙ্গীকার করেছে। তিনি আরও বলেন, জুয়ার নামে এ ধরনের ষাঁড়ের লড়াইয়ের আয়োজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এরই মধ্যে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।