নেত্রকোনার কেন্দুয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন তিন কোটি টাকা ব্যয়ে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়নের চারটি প্রকল্প বাস্তবায়নের কাজ বাতিল হয়ে গেছে। ঠিকাদারদের গাফিলতির কারণে প্রকল্পগুলো বাতিল করা হয়েছে বলে জানা গেছে।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য গত ২০১০-২০১১ অর্থবছর স্থানীয় সাংসদের থোক বরাদ্দের আওতায় উপজেলার চিরাং, নওপাড়া ও আশুজিয়া ইউনিয়নে তিন কোটি ১৬ লাখ টাকার বেশি ব্যয়ে কয়েকটি সড়কের কার্পেটিংসহ উন্নয়ন এবং নালা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর জন্য দরপত্রের মাধ্যমে যথারীতি ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়। কিন্তু ঠিকাদারদের বিভিন্ন অজুহাত ও গাফিলতির কারণে শেষ পর্যন্ত এসব প্রকল্পের কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এমনকি এলজিইডির নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে ঠিকাদারদের বারবার তাগাদাও দেওয়া হয়। এতেও কাজ হয়নি। এরই পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রকল্পগুলো বাতিলের সিদ্ধান্ত নেয়। এ সংক্রান্ত এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের একটি নির্দেশ গত ১০ এপ্রিল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এসে পৌঁছায়।উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, বাতিল হয়ে যাওয়া প্রকল্পগুলোর কাজ নতুন করে শুরু করতে প্রয়োজনীয় তথ্যাবলি শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।