কেন্দুয়ায় দাফন এলাকায় শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ভোগড়া এলাকায় বাসের চাপায় নিহত দুই ভাইয়ের দাফন গতকাল শনিবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কলসহাটী গ্রামে তাদের নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্র জানায়, গত শুক্রবার ইকবাল হোসেন নিয়োগী (১৮) ও ইশরার হোসেন নিয়োগী (১১) মোটরসাইকেলে করে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। দুপুরের দিকে ভোগড়া এলাকায় বিআরটিসির একটি দোতলা বাস তাদের ধাক্কা দেয়। এতে দুজনই প্রাণ হারায়। রাত সাড়ে নয়টার দিকে তাদের মরদেহ বাড়িতে পৌঁছায়।
গতকাল ওই বাড়িতে গিয়ে দেখা যায়, আঙিনায় মা কোহিনূর বেগম আহাজারি করছেন। দুই ভাইকে হারিয়ে একমাত্র বোনও নির্বাক হয়ে রয়েছে। বাবা মহিদুল ইসলাম নিয়োগী শোকে মুহ্যমান। স্বজন ও অন্যরা তাঁদের সান্ত্বনা দিচ্ছেন।
মা কোহিনূর বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘বাড়িতে আইবার লাইগ্যা ছোট পুতে (ইশরার) সকাল থেকে ঘুম থেকে উইঠা বারবার বড় ভাইকে ডাইক্যা দেওনের কথা বলে। এমন অইবো জানলে তাগোর বাড়িতে পাঠাইতাম না। দুই পুতরে ছাড়া এহন আমি কীভাবে থাকবাম।’
নিহত দুই ভাইয়ের চাচা রফিকুল ইসলাম নিয়োগী বলেন, বাসচালকের খামখেয়ালিপনার কারণেই অকালে তাদের প্রাণ গেল। এভাবে যাতে আর কাউকে মরতে না হয় সে জন্য নিরাপদ সড়ক দরকার।
দাদা হাসান উদ্দিন নিয়োগী (৮০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘দুই নাতিই খুব আদরের ছিল। এভাবে একসঙ্গে তাদের জানাজা পড়তে হবে তা কখনো ভাবিনি।’
প্রতিবেশী গিয়াস উদ্দিন বলেন, জানাজা পড়তে গিয়ে অনেকেই চোখে পানি ধরে রাখতে পারেনি। দুই সন্তানকে হারিয়ে তাঁদের পোশাককর্মী বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। সরকারের পক্ষ থেকে পরিবারটির দিকে নজর দেওয়া দরকার।
রোয়াইলবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান এস এম ইকবাল রুমী বলেন, দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।