কেন্দুয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় একটি বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জননন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষকও লাঞ্ছিত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শনিবার উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নে।
পুলিশ জানায়, হুমায়ূন আহমেদের জন্মদিন উদ্যাপন উপলক্ষে শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গত শুক্রবার বিকেলে মঞ্চে ওঠা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ সময় স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা কুতুবপুর গ্রামের লোকদের সঙ্গে পাশের চাপুরী গ্রামের বাসিন্দা শাহীনূর আলমের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকালে চাপুরী গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে কুতুবপুর গ্রামের লোকদের ওপর চড়াও হয়। তারা প্রথমে সোহাগ নামের এক দোকানদারকে মারধর ও পরে কুতুবপুর গ্রামের দ্বীপশিখা বিদ্যানিকেতনের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আফিদুল, হামিম ও তকিসহ কয়েকজন আহত হন। একপর্যায়ে কুতুবপুর গ্রামের লোকজনও লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠের এক শিক্ষার্থী আহত হয়েছে এ খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ কয়েকজন শিক্ষক স্থানীয় বঙ্গবাজারে যাচ্ছিলেন। পথে চাপুরী গ্রামের শাহীনূর আলমের বাড়ির সামনে কয়েকজন তাঁকে লাঞ্ছিত করেন।
এ নিয়ে গতকাল রোববার দুপুরে শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠ প্র্রাঙ্গণে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে এক বৈঠক হয়। সেখানে আলাপ-আলোচনার মাধ্যমে দুই পক্ষকে মিলিয়ে দেওয়া হয়। তা ছাড়া বৈঠকে শহীদ সঞ্চৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় চাপুরী গ্রামের পক্ষ থেকে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া হয়।
আনিছুর রহমান জানান, সামাজিকভাবে বিষয়টির নিষ্পত্তি হওয়ায় সবাই সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে কেউ যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় না জড়ায়, সে জন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।