কেন্দুয়ায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গত সোমবার বালিজুড়া ও কীর্তনখোলা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলা পরিষদের মাধ্যমে টিআর কর্মসূচির আওতায় কীর্তনখোলা জামে মসজিদের নামে এক মেট্রিক টন খাদ্যশস্য (গম) বরাদ্দ পাওয়া যায়। বরাদ্দ পাওয়া গম উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরের প্রয়োজন হয়। কীর্তনখোলা গ্রামের বাসিন্দারা ও মসজিদ কমিটির লোকজন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবু তালেব খানের কাছে গত রোববার স্বাক্ষর আনতে যান। তিনি স্বাক্ষর করতে রাজি না হওয়ায় তাঁর সঙ্গে প্রকল্প কমিটির সদস্য ও এলাকাবাসীর ঝগড়া হয়। এরই জের ধরে সোমবার সকালে আবু তালেবের গ্রাম বালিজুড়ির বাসিন্দারা কীর্তনখোলা গ্রামের বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়। আহত মাসকা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিছুর রহমান (৪০), ছাত্রলীগের কর্মী হুমায়ুন (৩০), মামুন (১৮) ও বজলুকে (২৫) কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন বলেন, প্রকল্পের কাগজপত্রে ইউপি চেয়ারম্যান স্বাক্ষর না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি।