নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পূর্ববিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক দিন ধরে উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুরের বাসিন্দাদের সঙ্গে পৌরসভার সলপকমলপুর ও চকপাড়া গ্রামের বাসিন্দাদের উত্তেজনা চলছিল। এরই জের ধরে গতকাল সকাল ১০টার দিকে উভয় পক্ষ রামদা, বল্লম, লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুলিশের ১২ জন সদস্যসহ উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে কেন্দুয়া, মদন, আটপাড়া থানাসহ নেত্রকোনা থেকে শতাধিক অতিরিক্ত পুলিশ এবং র্যাব-৯-এর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি শটগানের ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন ছিলিমপুর, পৌরসভার চকপাড়া, সলপকমলপুরসহ সংঘর্ষস্থলের আশপাশের এলাকায় অনির্দিষ্টকারের জন্য ১৪৪ ধারা জারি করেছে।স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে গুরুতর আহত ফয়জুল তালুকদার (৫০), রমজান মিয়া (৫৫), ডালিম মিয়া (৩০), ছাতু মিয়া (৪৫), ইঞ্জিল মিয়াকে (৩০) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ শরীফুল ইসলাম, র্যাব-৯-এর ডিএডি মো. ফারুক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ইউএনও মোহাম্মদ রেজাউল করিম বলেন, জানমালের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।এএসপি মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ৩৪টি ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাসের ২৫টি শেল নিক্ষেপ করা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে ১০ জনকে আটক করেছে।