কেন্দুয়ায় দুর্বৃত্তদের হামলায় লোক উৎসব আয়োজন পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল দুর্বৃত্তের হামলায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাড়াদুর্গাপুর ভটেরগাতী গ্রামের লোক উৎসবের আয়োজন পণ্ড হয়ে গেছে। ‘বাঁশরিয়া মেলা’ নামের ওই উৎসব গতকাল বেলা দুইটায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুর্বৃত্তরা সকাল সাড়ে নয়টার দিকে হামলা চালিয়ে উৎসব-মঞ্চ তছনছ করে, চাঁদোয়া ছিঁড়ে ফেলে এবং আয়োজকদের ভয়ভীতি দেখায়।ক্ষমতাসীন সরকারের একজন প্রভাবশালী নেতাকে আমন্ত্রণ না জানানোর জেরে তাঁর সমর্থকেরা এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় বাঁশরিয়া সংস্কৃতি সংঘ নামের লোক সংস্কৃতির একটি সংগঠন দুই দিনব্যাপী ‘বাঁশরিয়া মেলা’ উদ্যোগ নেয়। উৎসব গত বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওই নেতাকে আমন্ত্রণ না জানানোর জেরে স্থানীয় একটি পক্ষ এর বিরোধিতা করে। শেষ মুহূর্তে ওই উৎসব শুধু শুক্রবার করার সিদ্ধান্ত হয়।বাঁশরিয়া সংঘের সভাপতি আবুল কালাম আল আজাদ গতকাল প্রথম আলোকে জানান, উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্ব করার কথা ছিল। এ ছাড়া কাঙ্গালিনী সুফিয়া, কফিল আহমদ ও ব্যান্ড ‘চিৎকার’ এবং ঝংকার শিল্পীগোষ্ঠীসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। তিনি অভিযোগ করেন, গতকাল সকালে ওই নেতার সমর্থক কয়েক শ মানুষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অনুষ্ঠান-মঞ্চে হামলা চালিয়ে সবকিছু পণ্ড করে দিয়েছে। হামলাকারীরা নানা ভয়-ভীতিও দেখিয়েছে। পরে বিষয়টি পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানানো হয়।নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের একজন বলেন, স্থানীয় বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম উদ্দিনসহ ওই নেতার কয়েকজন সমর্থকের নেতৃত্বে এ হামলা হয়।এ অভিযোগ অস্বীকার করে রহিম বলেন, আয়োজকেরাই অনুষ্ঠান স্থগিত করে দেয়।ইউএনও মোহাম্মদ রেজাউল করিম বলেন, আয়োজকদের কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিরাশ উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের ছাড়া আর কাউকে পায়নি।