কেন্দুয়ায় নৌকাডুবির ঘটনায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাটেশ্বরী নদীতে গত সোমবার নৌকাডুবির ঘটনায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রীর নাম রীমা আক্তার (১৩)। সে স্থানীয় নওপাড়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী এবং রাজীবপুরদীঘলকুশা গ্রামের আবদুল লতিফের মেয়ে। নিহত রীমা আক্তরের পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, বিদ্যালয় ছুটির পর সোমবার বিকেলে রীমা আক্তার উপজেলার বলাইশিমুল ইউনিয়নের পাটেশ্বরী নদীর বেজগাঁও খেয়াঘাট থেকে অন্য সহপাঠীদের সঙ্গে নৌকায় করে পার্শ্ববর্তী মামার বাড়িতে যাচ্ছিল। ছাত্রছাত্রীসহ যাত্রীদের নিয়ে কিছু দূর যেতেই নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রীমা নিখোঁজ হয়। পরে এলাকাবাসী নদী থেকে তার লাশ উদ্ধার করে। এদিকে মেধাবী ছাত্রী রীমা আক্তারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সন্তানকে হারিয়ে মা-বাবাসহ পরিবারের সদস্যরা শোকে মুহ্যমান হয়ে পড়ে। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সকালে রীমাদের বাড়িতে ছুটে যান। গতকাল বেলা ১১টায় জানাজা শেষে রাজীবপুরদীঘলকুশা গ্রামে পারিবারিক কবরস্থানে রীমার লাশ দাফন করা হয়। নওপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নীশিকান্ত রায় জানান, মেধাবী ছাত্রী রীমাকে হারিয়ে তার দরিদ্র মা-বাবা পাগলের মতো হয়ে গেছেন। তার অকাল মৃত্যুতে বিদ্যালয়ে একদিনের শোক ঘোষণা করা হয়েছে।