কেন্দুয়ায় পুলিশ-জনতা সংঘর্ষে ১৫ জন আহত, আটক ২৩
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে আটক করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে উপজেলার সাজিউড়া গ্রামের এক ব্যক্তি স্থানীয় হাওরে ঘাস কাটতে যান। এতে তেতুঁলিয়া গ্রামের লোকজন বাধা দিলে এ নিয়ে কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এ অবস্থায় পুলিশ উভয় পক্ষকে একাধিকবার থানায় ডেকে এনে শান্ত থাকতে অনুরোধ জানায়। কিন্তু তেতুঁলিয়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বুধবার রাত থেকে স্থানীয় সাজিউড়া বাজার এলাকায় জড়ো হতে থাকে। পরে রাতেই ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।পুলিশ গতকাল সকালে অস্ত্রসজ্জিত লোকজনকে ছত্রভঙ্গ করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে পুলিশ তিনটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দফায় দফায় কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেব, উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান, রফিক উদ্দিন, শফিকুর রহমান এবং কনস্টেবল নাজমুল হক, আলতাবুর রহমান, শাহীন ও আনোয়ার আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) অভিরঞ্জন দেব জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নেত্রকোনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।