কেন্দুয়ায় পুলিশের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় হামলায় পুলিশের ১৩ সদস্য আহত ও পুলিশকে পুড়িয়ে মারার চেষ্টার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সভা, সমাবেশ ও বিক্ষোভ হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে সদর বাজার কমিটির ডাকে ব্যবসায়ীরা দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত পৌর শহরের দোকানপাট বন্ধ রাখেন।
উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে পৌর শহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দুপুরে সমাবেশ হয়। সকাল সাড়ে ১০টার দিকে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশ হয়।
উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন দুপুর ১২টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাঙ্গণে সমবেত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়কগুলো ঘুরে একই স্থানে এসে শেষ হয়। বেলা দুইটার দিকে সেখানে সমাবেশ হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সভাপতিত্ব করেন। আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১০টার দিকে কমিউনিটি পুলিশিং কমিটির সভা হয়। মেয়র আসাদুল হক ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন।
সভায় মেয়র আসাদুল হক ভূঁইয়া হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান বলেন, জঙ্গি কায়দায় চালানো ওই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের রেহাই দেওয়া হবে না।
এসপি জয়দেব চৌধুরী বলেন, পুলিশ বাহিনীর ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় যাঁরা জড়িত তাঁদের কঠিন শাস্তি দেওয়া হবে। এ জন্য যা করা দরকার তা-ই করা হবে।
পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রদলের কর্মীরা সমাবেশের আয়োজন করেন। পুলিশ গিয়ে তা বন্ধ করার নির্দেশ দেয়। এতে ছাত্রদলের নেতা-কর্মীরা রাজি হননি। একপর্যায়ে নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালান। তাঁদের ছোড়া ইটপাটকেলে পুলিশের ছয়জন কর্মকর্তাসহ ১৩ পুলিশ সদস্য আহত হন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আত্মরক্ষার্থে একপর্যায়ে পুলিশ দৌড়ে বিদ্যালয়টির একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এ সময় হামলাকারীরা কক্ষটির দরজার সামনে পাশের বাড়ি থেকে খড়, বাঁশ, কাঠ এনে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ এসে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, সভা করার জন্য ছাত্রদল পুলিশের কাছ থেকে অনুমতি নেয়নি। এ ঘটনায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, পুলিশের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েই সমাবেশের আয়োজন করা হয়। শান্তিপূর্ণভাবে সমাবেশ চলাকালে পুলিশ এসে ছাত্রদলের নেতা-কর্মীদের লাঠিপেটা করে। এতে ছাত্রদলের ১৫ জন নেতা-কর্মী আহত হন।