কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত, আহত ৫
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর গ্রামে গত বৃহস্পতিবার প্রতিপক্ষের হামলায় আবদুল খালেক (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় খালেকের ভাই মল্লিক মিয়া (৫০), তাঁর স্ত্রী আঙ্গুরা বেগম (৩০), ভাতিজা রকিবুল ইসলাম (২২), বকুল মিয়া (৩৫) ও সরাজ মিয়া (২৮) আহত হয়েছেন। আহতদের প্রথমে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মোজাফ্ফপুর গ্রামের ওয়াহেদ মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে একই গ্রামের মল্লিক মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দ্বন্দ্ব চলছে। পূর্বশত্রুতার জের ধরে ওয়াহেদ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে চাচাতো ভাই নজরুল ইসলাম, হাবুল মিয়াসহ লোকজন নিয়ে গ্রামের সৌপাড়া ঈদগাহ মাঠ এলাকায় মল্লিক মিয়ার ওপর হামলা চালান। খবর পেয়ে মল্লিকের স্ত্রী ও পরিবারের সদস্যরা বাঁচাতে যান। ওয়াহেদের লোকজন তাঁদের ওপরও হামলা করে এবং খালেকের গলায় রাম দা দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই খালেকের মৃত্যু হয়। খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।