কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া মহল্লায় গতকাল মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় বিনন্দ চন্দ্র দাস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে।নিহত ব্যক্তির পরিবারিক সূত্র জানায়, মৎস্যজীবী বিনন্দ চন্দ্র দাসের জায়গার ওপর দিয়ে রাস্তা তৈরি করতে চান প্রতিবেশী রবি চন্দ্র দাস। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল সকাল আটটার দিকে রবি চন্দ্রের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বিনন্দের মেয়ের স্বামী প্রাণধন চন্দ্র দাসের দোকানে হামলা চালান। এ সময় বিনন্দ চন্দ্রসহ বাড়ির লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষের লোকেরা তাঁদের ওপরও হামলা চালান। এতে বিনন্দ চন্দ্র দাস, তাঁর স্ত্রী মঞ্জু রানি দাস, মেয়ে অঞ্জনা রানি দাস, জামাতা প্রাণধন চন্দ্র দাস ও ভাই কৃষ্ণচন্দ্র দাস আহত হন। আশঙ্কাজনক অবস্থায় বিনন্দকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার এসআই মো. তমিজ উদ্দিন জানান, এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। কাজলা রানি দাস নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।