নেত্রকোনায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার কেন্দুয়া উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
কেন্দুয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের যৌথ উদ্যোগে দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন করা হয়। এতে উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আবদুল ওয়ার্নারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেকুল ইসলাম খান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার, বাউলশিল্পী ইসলাম উদ্দিন প্রমুখ। বক্তারা হামলার ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
২৩ সেপ্টেম্বর নেত্রকোনা পাবলিক হলে জেলা মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা নিয়ে এক পক্ষ চেয়ার ছোড়াছুড়ি করে। একপর্যায়ে সেখানে কর্তব্যরত গণমাধ্যমকর্মীদের ওপর চেয়ার নিয়ে হামলা করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসাদ নামের এক যুবককে গ্রেপ্তার করে। কিন্তু পরে তিনি জামিনে মুক্তি পান।