কেন্দুয়ায় ফরম পূরণে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ (স্কুল অ্যান্ড কলেজ) এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় নেওয়া অতিরিক্ত টাকা ফেরত দিচ্ছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে ফরম পূরণের সময় ওই অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল।

বিদ্যালয় ও স্থানীয় সূত্র জানায়, এ বছর বিদ্যালয়টি থেকে ২৩২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে অন্তত ৯১ জনের কাছ থেকে ফরম পূরণের সময় অতিরিক্ত টাকা নেওয়া হয়। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম বোর্ডের নির্ধারিত ফির চেয়ে কোনো অবস্থাতেই বাড়তি টাকা আদায় না করার জন্য এই বিদ্যালয়টিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের লিখিতভাবে নির্দেশ দেন। সেই সঙ্গে বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি। তা ছাড়া বিদ্যালয়ের নতুন পরিচালনা পর্ষদও শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা শিগগিরই ফেরত দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। প্রশাসনের নির্দেশ ও পরিচালনা পর্ষদের উদ্যোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত ৮৫ জন শিক্ষার্থীকে ৪৬ হাজারেরও বেশি টাকা ফেরত দেওয়া হয়েছে।

কয়েকজন অভিভাবক বলেন,‌‌ ‘ফরম পূরণের সময় নেওয়া অতিরিক্ত টাকা ইতিমধ্যে অনেককে ফেরত দেওয়া হয়েছে। এতে আমরা খুশি।’

শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মাহবুব আলম বলেন, ইতিমধ্যে কয়েকজন বাদে প্রায় সব শিক্ষার্থীকে টাকা ফেরত দেওয়া হয়েছে।