নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কয়েকটি প্রকল্পের নয় লক্ষাধিক টাকা ফেরত যাচ্ছে। প্রকল্প কমিটির লোকজন যথাসময়ে কাজ শেষ না করায় এবং অনিয়ম করায় উপজেলা প্রশাসন ওই টাকা ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরে উপজেলার নওপাড়া ইউনিয়নে কর্মসংস্থান কর্মসূচির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য ১৮৪ জন শ্রমিককে ১৪ লাখ ৭২ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল ছিল ৪০ দিন। গত ২১ নভেম্বর এসব প্রকল্পের কাজ শুরু হয়। এর মধ্যে মাইজকান্দি তারা মিয়া মেম্বারের বাড়ি থেকে খাল পর্যন্ত রাস্তা সংস্কার, দনাছাপুর ভরা খাল খনন, কুতুবপুর বয়লার থেকে মেস্তরিবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, কোনাপাড়া বুলবুলের পুকুরপাড় থেকে কোনাপাড়াবাজার হয়ে হামিদের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত ও পাছার সালাম মেম্বারের বাড়ি থেকে কোহিদ মিয়ার বাড়ি হয়ে মেইন রোড পর্যন্ত রাস্তা সংস্কার—এই পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করার কথা ছিল। বাস্তবায়নের পরিমাণ অনুযায়ী উপজেলা প্রশাসন প্রথমে ১৮৪ শ্রমিকের ১৫ দিনের কাজের জন্য ৫ লাখ ৫২ হাজার টাকা তাঁদের ব্যাংক হিসাবে পাঠানোর নির্দেশ দেয়। এরপর দুই দফায় যথাক্রমে গত ২৫ জানুয়ারি এবং এরপর চলতি মাসের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছিল। এরপরও প্রকল্পের কাজ যথাযথভাবে শেষ করতে পারেনি প্রকল্প বাস্তবায়ন কমিটি। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন বাকি ২৫ দিনের বরাদ্দের ৯ লাখ ২০ হাজার টাকা উপকারভোগীদের ব্যাংক হিসাবে পাঠানো নির্দেশ দেয়নি।
গত মঙ্গলবার দনাছাপুর ভরা খাল খনন প্রকল্প এলাকায় গিয়ে প্রকল্প বাস্তবায়ন-সংক্রান্ত কোনো সাইনবোর্ড চোখে পড়েনি। এ ছাড়া শ্মশানকালী মন্দিরের পুকুরের পাশ দিয়ে যাওয়া দনাচাপুর ভরা খালের দক্ষিণ দিকে এখনো মাটি কাটানোর কোনো দৃশ্য চোখে পড়েনি। পূর্বদিকে স্থানীয় পাটকুড়া নদীর নালা-লাগোয়া পশ্চিম অংশেরও একই অবস্থা দেখা গেছে।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি নওপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের (১, ২ ও ৩) সদস্য রাহেলা বেগম বলেন, ‘আমি অসুস্থ মানুষ। প্রকল্প দেখতে যেতেও পারি না। তবে আরও মাটি কাটানোর দরকার ছিল। আর সাইনবোর্ডটি এখনো টাঙানো হয়নি। সেটি বাড়িতে আছে।’
একইভাবে কুতুবপুর বয়লার থেকে মেস্তরিবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্প এলাকায় গিয়েও কোনো সাইনবোর্ড চোখে পড়েনি। রাস্তা সংস্কার হয়েছি কি না, জানতে চাইলে স্থানীয় কয়েকজন বলেন, জুড়াইলমোড় এলাকা থেকে মেস্তরিবাড়ি পর্যন্ত এক কোদাল মাটিও পড়েনি। আর বয়লারের সামনের রাস্তায় গর্তে-টর্তে কিছু মাটি ফেললেও এখন তা ধুলায় মিশে গেছে।
এ বিষয়ে প্রকল্পের সভাপতি ৫ নম্বর ওয়ার্ডের সদস্য লাট মিয়া বলেন, শ্রমিকের অভাব ছিল বলে ঠিকমতো মাটি কাটানো সম্ভব হয়নি। এ ছাড়া কেউ কেউ মাটি কাটতে দেয় না। তবে সাইনবোর্ডটি টাঙানো হলেও কে বা কারা সেটি নিয়ে গেছে।
উপজেলা পিআইও মো. সাইফুল ইসলাম বলেন, ৪০ দিনের প্রকল্পের মধ্যে ১৫ দিনের কাজ হয়েছে বলে ওই কয়েক দিনের শ্রমিকদের মজুরির টাকা ছাড় করা হয়েছিল। সময় বাড়ানোর পরেও অনিয়ম করায় ২৫ দিনের বরাদ্দ ছাড় করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. রুহুল আমিন বলেন, কাজ না করায় ২৫ দিনের অব্যয়িত বরাদ্দের অর্থ সরকারি কোষাগারে ফেরত যাবে।