কেন্দুয়ায় বখাটেদের কারণে সংসার ভাঙছে গৃহবধূর!
নেত্রকোনার কেন্দুয়ায় বখাটে কর্তৃক গৃহবধূকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে ওই গৃহবধূর সংসার ভাঙার উপক্রম হয়েছে।গৃহবধূর পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গগডা গ্রামের শান্তু মিয়ার বখাটে ছেলে রুকন উদ্দিন (২২) অনেক দিন ধরে কেন্দুয়া পৌর এলাকার পারভিন সিরাজ মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে। একপর্যায়ে নিরুপায় হয়ে ওই মেয়েকে প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী বাট্টা গ্রামে বিয়ে দেওয়া হয়। এ অবস্থায় গত শনিবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় উপজেলা সদরের পাবলিক হলের কাছে বখাটে রুকন উদ্দিন কয়েকজন সহযোগী সঙ্গে নিয়ে মেয়েটির গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্রের মুখে বখাটেরা ভয় দেখিয়ে এবং মেয়েটির মুখে কাপড় গুঁজে দিয়ে তাকে জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নেয়। পরে নেত্রকোনা সদর উপজেলার আবু আব্বাছ কলেজের কাছে পৌঁছালে অটোরিকশার ভেতর থেকে মেয়েটি চিৎকার দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। আর বখাটেরা পালিয়ে যায়। ওই সময় বখাটেরা মেয়েটির স্বর্ণের গয়নাও লুটে নেয়। মানসিকভাবে বিপর্যস্ত মেয়েটিকে এখন উপজেলা সদরের এক আত্মীয়র বাসায় রাখা হয়েছে। ঘটনার পর রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে বখাটে রুকন উদ্দিনসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।গতকাল রোববার বিকেলে ওই বাসায় গেলে মেয়েটি কাঁদতে কাঁদতে জানায়, ‘বিনা দোষে বখাটেদের কারণে আমার সুখের সংসার ভেঙে যাচ্ছে। আমি এর বিচার চাই।’ মেয়ের মা মরিয়ম বেগম বলেন, ‘ঘটনা জানাজানি হওয়ার পরই মেয়ের শ্বশুরবাড়ির লোকজন বিয়ে ভেঙে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। আজকেও (রোববার) তারা একই কথা বলেছে।’ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় বখাটে রুকন উদ্দিনসহ অজ্ঞাতপরিচয় তিন-চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।