কেন্দুয়ায় বাজারে আগুন, ১৭ দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন, অগ্নিকাণ্ডে তাঁদের ১৪-১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাজারের কয়েকজন ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাজারের পাইকারি ব্যবসায়ী সাদেক মিয়ার ‘সাগর স্টোরের’ ডাল, চিনি, ময়দা, ভোজ্যতেলসহ বিভিন্ন সামগ্রী রাখার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুনে পাশের মজিবুর রহমানের বসতঘর এবং ছাদেক মিয়া, কাঞ্চন মিয়া, সেলিম মিয়া, কামরুজ্জামান, সিরাজুল ইসলাম, কাঞ্চন মিয়া ২, সায়েম তালুকদার, সুভাষ চন্দ্র দেবনাথ, দেলোয়ার হোসেন, আবদুস সাত্তার, ইসলাম উদ্দিন, বেণী মাধব ঘোষ, আবদুল মন্নাফ ও আনিছুর রহমানের দোকান পুড়ে ছাই হয়ে যায়। কিছুক্ষণ পর খবর পেয়ে কেন্দুয়া, নেত্রকোনা সদর, ময়মনসিংহ সদর ও ঈশ্বরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কয়েক ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
কেন্দুয়ার ইউএনও মুহাম্মদ মুতাসিমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে ক্ষতিগ্রস্ত পাইকারি ব্যবসায়ী সাদেক মিয়া দাবি করেন, ‘আগুনে আমারই কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে।’
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক (এডি) মো. সহিদুর রহমান বলেন, ‘তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ আগুন লাগতে পারে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।