কেন্দুয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আলীকে (৫৮) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ গত বুধবার রাত ১১টার দিকে ইউনিয়নের চর খিদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, মোহাম্মদ আলী গত বুধবার রাতে তাঁর বাড়ির সামনের একটি দোকানে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়ার বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন। খেলার বিরতির সময় তিনি বাড়িতে রাতের খাবার খেতে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত মোহাম্মদ আলীকে তঁার বাড়ি থেকে ডেকে ২০০ গজ দূরে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়৷ পরে খবর পেয়ে রাতে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে৷ এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত বছর একই এলাকার আওয়ামী লীগ-সমর্থক শামসুদ্দিন (৪৫) নৃশংসভাবে খুন হন। ওই খুনের মামলার প্রধান আসািম ছিলেন মোহাম্মদ আলী। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান। মোহাম্মদ আলীর খুনের সঙ্গে দলীয় কোন্দলের যোগসূত্র রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।
গতকাল বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বলেন, আলামত হিসেবে ঘটনাস্থল থেকে একটি বল্লম ও একটি ছুরি জব্দ করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷
বিএনপির নিন্দা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেত্রকোনার বিএনপি নেতা মোহাম্মদ আলীর হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন৷ তিনি সরকারের বিরুদ্ধে নেতা-কর্মীদের হত্যা, গুম, অপহরণ, হামলা-মামলা ও জুলুম-নির্যাতনের অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন৷ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তিনি ওই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান৷