কেন্দুয়ায় ব্যবসায়ীদের ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ব্যবসায়ীরা গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। রাস্তার ওপর মালামাল রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে পুলিশের করা মামলার প্রতিবাদে ব্যবসায়ীরা ওই কর্মসূচি পালন করছেন। জানা গেছে, পৌর সদর ও কেন্দুয়া বাজারের অধিকাংশ ব্যবসায়ীর দোকানের সামনের রাস্তার জায়গা দখল করে বিভিন্ন ধরনের মালামাল রাখা হয়। ফলে পথচারীদের চলাচলে খুব অসুবিধা হয়। এর পরিপ্রেক্ষিতে কেন্দুয়া থানা পুলিশ কয়েক দিন আগে অর্ধশতাধিক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে ৩৪ ধারায় প্রতিবেদন দাখিল করে। গত বৃহস্পতিবার ৫৭ জন ব্যবসায়ী আদালতে হাজির হলে আদালত প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে জরিমানা আদায় করেন। এ ঘটনার প্রতিবাদে গত শুক্রবার বিকেলে ব্যবসায়ীরা পৌর ভবনে মিলিত হয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।শনিবার সকাল থেকে ব্যবসায়ীরা পৌর সদরের কাঁচাবাজারসহ দোকানপাট বন্ধ রাখায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।