কেন্দুয়ায় যানবাহনের লাইসেন্স করার নির্দেশ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আগাম সতর্কতা হিসেবে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহনের লাইসেন্স (অনুমতিপত্র) করার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা সদরসহ ইউনিয়ন পর্যায়ে মাইকযোগে এই নির্দেশ প্রচার করে পুলিশ। সূত্র জানায়, আগামী ২৮ জুন উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন সামনে রেখে ওই এলাকায় অননুমোদিত গাড়ির ব্যবহার বেড়ে গেছে। নম্বরবিহীন এসব গাড়ি ব্যবহার করে বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীরা আগাম প্রচারণাও শুরু করে দিয়েছেন।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, জনস্বার্থে এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন দিন পর কেউ কাগজপত্রবিহীন গাড়ি নিয়ে রাস্তায় বের হলে এবং মহড়ায় অংশ নিলে গাড়ি আটক করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।