কেন্দুয়ায় শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্তের নির্দেশ
নেত্রকোনার কেন্দুয়া জয়হরি সপ্রাই সরকারি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমিনুল ইসলামের ওপর নির্যাতনের বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক।একই সঙ্গে এ ঘটনায় অভিযুক্ত বিদ্যালয়ের শিক্ষক জুলফিকার হোসেনকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহের আঞ্চলিক উপপরিচালকের (ডিডি) দপ্তর থেকে নেত্রকোনা জেলা সদরের আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাউশি মহাপরিচালকের দপ্তর থেকে ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য ৭ মার্চ লিখিতভাবে কিশোরগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ সরকার কেন্দুয়া জয়হরি সপ্রাই সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বরাবর একটি চিঠি পাঠিয়ে তাতে বলেন, ২৮ মার্চ এ ব্যাপারে তদন্ত করা হবে। এ লক্ষ্যে ওই দিন শিক্ষক জুলফিকারের পাশাপাশি শিক্ষার্থী আমিনুলের বাবাকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্র জানায়, শিক্ষক জুলফিকারকে বদলি করার পর তিনি গতকাল বুধবার ছাড়পত্র নিয়েছেন। গত ১৪ জানুয়ারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলফিকার হোসেন সামান্য অজুহাতে শিক্ষার্থী আমিনুলের ওপর অমানবিক নির্যাতন চালান বলে অভিযোগ ওঠে।