কেন্দুয়ায় শিক্ষার্থীদের ভাঙচুর শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের জনতা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাব উদ্দিনসহ আরও প্রায় দুই শ ছাত্র-জনতাকে আসামি করে মামলা হয়েছে।গত বুধবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির বাড়িসহ স্থানীয় বাজারের কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগে গতকাল বৃহস্পতিবার কেন্দুয়া থানায় মামলাটি করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আবদুল হক। বিদ্যালয়ে আর্থিক লেনদেনের মাধ্যমে শিক্ষক নিয়োগ ও প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বুধবার ওই ভাঙচুর করে কয়েক শ শিক্ষার্থী ও এলাকাবাসী।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ে দুজন শিক্ষক ও একজন সহকারী লাইব্রেরিয়ান নিয়োগ দেওয়া হয়। কিন্তু ওই নিয়োগ নিয়ে শুরু থেকেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে অর্থ-বাণিজ্যের অভিযোগ ওঠে। এ অবস্থায় গত মঙ্গলবার পরিচালনা পর্ষদের সদস্য আবদুল হক প্রধান শিক্ষক মাহতাব উদ্দিনকে স্থানীয় বাজারে প্রকাশ্যে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে গত বুধবার সকালে বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী এলাকায় বিক্ষোভ শুরু করে। তাদের সঙ্গে এলাকার কিছু লোকও যোগ দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধরা লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমানের বাড়িসহ স্থানীয় বাজারের কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর চালায়।খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আবদুল হক। তবে তিনি জানান, তিনটি পদে লোক নিয়োগে ১১ লাখ টাকার বাণিজ্য হয়েছে।অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করে পরিচালনা পর্ষদের সভাপতি ছিদ্দিকুর রহমান দাবি করেন, ‘এ অভিযোগ ঠিক নয়। এলাকায় প্রভাবশালী আবদুল হক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার পাশাপাশি সবকিছুতেই প্রভাব বিস্তার করতে চান বলেই এমন ঘটনা ঘটেছে।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহতাব উদ্দিন বলেন, ‘নিয়োগ-বাণিজ্যের সঙ্গে আমি জড়িত নই। কমিটির সদস্য আবদুল হক আমাকে লাঞ্ছিত করায় এর প্রতিবাদে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে।’কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।