কেন্দুয়ায় শ্বশুরবাড়ির উঠান থেকে গৃহবধূর লাশ উদ্ধার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের পালড়া গ্রামে শ্বশুরবাড়ির উঠান থেকে গতকাল মঙ্গলবার সালমা আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক।কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন জানান, খবর পেয়ে গতকাল সকালে পালড়া গ্রামের হেলাল উদ্দিনের বাড়ির উঠান থেকে তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর সাত মাস বয়সী একটি মেয়ে রয়েছে।নিহতের বড় ভাই আবুল হাসেম অভিযোগ করেন, সালমার সঙ্গে তিন বছর আগে হেলালের (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। হেলাল ও তাঁর মা সালমার ওপর বেশি নির্যাতন চালিয়েছেন। পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।