কেন্দুয়ায় সাংসদকে ঘিরে বিক্ষোভ, অনুষ্ঠান পণ্ড
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গণ্ডা ইউনিয়নের গণ্ডা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের গতকাল শনিবারের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে।স্থানীয় সাংসদ মঞ্জুর কাদের কোরাইশীর আগমনকে কেন্দ্র করে ক্ষুব্ধ নেতা-কর্মী, এলাকাবাসী এবং সাংসদের অনুসারীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বনির্ধারিত দিন ছিল গতকাল শনিবার। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মঞ্জুর কাদের কোরাইশী। এ উপলক্ষে সাংসদকে অভিনন্দন জানিয়ে কয়েকটি তোরণ নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।কিন্তু কিছুদিন আগে জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একই ইউনিয়নের মনকান্দা এম ইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ এম মুহিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এর জের ধরে মাদ্রাসার কিছু শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও বহিরাগতরা স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ গণ্ডা গ্রামের বাসিন্দাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করে। দলের নেতা-কর্মীরা সাংসদের শরণাপন্ন হয়ে মামলাসংক্রান্ত জটিলতার সুরাহা চাইলেও কোনো উপকার হয়নি। এ অবস্থায় শুক্রবার রাতে গণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকাবাসী জরুরি বৈঠক করেন এবং তাঁদের ক্ষোভের কথা সাংসদকে জানানোর সিদ্ধান্ত নেন। গতকাল দুপুরে সাংসদ এলাকায় এলে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সাংসদের বিরুদ্ধে মিছিল বের করেন। এ সময় সাংসদের অনুসারী ও এলাকাবাসীর মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আওয়ামী লীগ সমর্থক ও ইউপি চেয়ারম্যান সাজিদুল ইসলাম জানান, দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীর দাবি পূরণ না হওয়ায় উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।