কেন্দুয়ায় সাবেক সেনা কর্মকর্তা খুন, জড়িত সন্দেহে ভাই আটক
নেত্রকোনার কেন্দুয়ায় পারিবারিক কলহ এবং দাম্পত্য বিরোধের বিষয়কে কেন্দ্র করে মোরশেদ আলম (৫২) নামে এক সাবেক সেনা কর্মকর্তা খুন হয়েছেন। তিনি সেনাবাহিনীর জ্যেষ্ঠ ওয়ারেন্ট কর্মকর্তা হিসেবে অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) ছিলেন।পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ছোট ভাই বদরুল আলমকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।মোরশেদ আলমের পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহ এবং দাম্পত্য বিষয় নিয়ে মোরশেদ আলমের সঙ্গে তাঁর ছোট ভাই বদরুল আলমের বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত সোমবার রাতে এশার নামাজ পড়ার জন্য মোরশেদ আলম বাড়ির সামনের মসজিদে যাওয়ার পথে তাঁকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার পুলিশ এলাকায় ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার এবং বদরুলের ঘর থেকে রক্তমাখা জামা (শার্ট) উদ্ধার করে। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) এ এফ এম নাসিম জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ছোট ভাই বদরুল আলমকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় মামলা হয়নি।