কেন্দুয়ায় স্কুলছাত্রকে জবাই করে হত্যা
নেত্রকোনার কেন্দুয়ায় দুর্বৃত্তরা মিজানুর রহমান বাবু (১৪) নামের এক স্কুলছাত্রকে জবাই করে হত্যা করেছে। গতকাল রোববার সকালে স্কুলের পোশাক পরা অবস্থায় তার লাশ পার্শ্ববর্তী এক হাওর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় নওপাড়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র মিজানুর রহমান বাবু নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের সঞ্জুর রহমানের ছেলে। এ ঘটনায় একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে। পুলিশ, বিদ্যালয় ও বাবুর পারিবারিক সূত্র জানায়, বাবু গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে যথারীতি বিদ্যালয়ে যায়। কিন্তু বিদ্যালয় ছুটি পরও সে আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের লোকজন ও স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এ অবস্থায় গতকাল রোববার সকালে পাশের নওপাড়া গ্রামের বাওড়া হাওরে সেচের নালায় (ড্রেন) বিদ্যালয়ের পোশাক পরা অবস্থায় বাবুর জবাই করা লাশ পাওয়া যায়। এদিকে মেধাবী ছাত্র বাবুর হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শোক পালন করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশীকান্ত রায় বলেন, ‘আমরা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান বাবুর নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য একই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র রফিকুল ইসলামকে আটক করা হয়েছে।