কেন্দুয়ায় স্কুলছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার ও তার ওপর হামলা চালানোর অভিযোগে মামলা হয়েছে। ওই ছাত্রীর চাচা গত মঙ্গলবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে।

মামলার দুই আসামি হলেন আশুজিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের আবদুর রাশিদ ও তাঁর ছেলে সুমন মিয়া। জবানবন্দি নেওয়ার জন্য গতকাল বুধবার হামলার শিকার ওই স্কুলছাত্রীকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

 কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ওই মামলার প্রধান আসামি সুমন মিয়াকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তবে তাঁকে পালিয়ে যেতে সহায়তা করার অপরাধে গ্রেপ্তার তাঁর বাবাকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে সুমন মিয়া প্রকাশ্যে ওই স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও তার ওপর হামলা চালায়। এতে ওই ছাত্রীর মুখ ও মাথায় আঘাত লাগে।