কেন্দুয়ায় স্কুলের ক্রীড়ানুষ্ঠানে সংঘর্ষ ও ভাঙচুর, আহত ১০
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা আবদুল হামিদ কারিগরি ও বহুমুখী উচ্চবিদ্যালয়ে গত শনিবার দুদল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় চেয়ার, দরজা ও জানালার কাচ ভাঙচুর করা হয়।বিদ্যালয় সূত্র ও এলাকাবাসী জানায়, সকালে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলে অনুষ্ঠানের শৃঙ্খলার দায়িত্ব পালন নিয়ে বিদ্যালয়ের কারিগরি ও সাধারণ শাখার শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষ লাটিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়। এ সময় অনুষ্ঠানস্থলে প্রায় অর্ধশত চেয়ার ও বিদ্যালয়ের অফিসকক্ষের দরজা ও ১০-১২টি জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দশম শ্রেণীর শিক্ষার্থী নূরুল আমীনকে ময়মনসিংহের একটি ক্লিনিকে ও সঞ্জু মিয়াকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।সংঘর্ষের পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়। একই সঙ্গে বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।অভিযোগ উঠেছে, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগত ব্যক্তিরাও অংশ নেয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হাদিছ মিয়া বলেন, আলোচনার মাধ্যমে শিগগির বিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যবস্থাপনা কমিটির সদস্য তৌহিদ ইকবাল বলেন, এ ঘটনার সঙ্গে বহিরাগত ব্যক্তিরাও জড়িত। প্রধান শিক্ষকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।