কেন্দুয়ায় 'মাটির সেবা'র উদ্বোধন
নেত্রকোনার কেন্দুয়ায় ভূমিবিষয়ক নানা ধরনের সেবা আরও সহজ করার লক্ষ্যে ‘মাটির সেবা’ নামের ‘উপজেলা ভূমি তথ্য সেবাকেন্দ্র কাম হেল্প ডেস্ক’-এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোনার জেলা প্রশাসক মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুতাসিমুল ইসলাম, পৌর মেয়র মো. আসাদুল হক ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুস সালাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভা করেন। এ সময় তিনি সরকারি সেবা পেতে জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে জন্য কর্মকর্তাদের জনগণের পাশে থেকে মাঠপর্যায়ের সেবা কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেন। ওই বৈঠকে প্রশাসনের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।