কেন্দ্র কমানোয় ক্যাপসুল পায়নি আট শতাধিক শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী পৌর এলাকার ৮১৭টি শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। পৌরসভায় ২৭টি কেন্দ্রের পরিবর্তে ২টি কেন্দ্রের মাধ্যমে ওই ক্যাপসুল খাওয়ানোর কারণে এ শিশুরা বঞ্চিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পৌরসভা কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় পৌরসভায় ৬ মাস থেকে ১১ মাস বয়সের ২২৭টি শিশু এবং ১ থেকে ৫ বছর বয়সের ২ হাজার ৩৯০টি শিশু রয়েছে। এর আগে ৬ মাস অন্তর ২৭টি কেন্দ্রের মাধ্যমে এ কর্মসূচির ক্যাপসুল খাওয়ানো হয়েছিল। কিন্তু গতকাল শনিবার তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় পৌরসভায় পুরোনো ও নতুন কার্যালয় প্রাঙ্গণে ২টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হয়। কেন্দ্র কমে যাওয়ায় দূর-দুরান্ত থেকে আসা শিশুদের অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। কেন্দ্র কম থাকায় পৌর এলাকার ২ হাজার ৬১৭টি শিশুর মধ্যে ২টি কেন্দ্রে মাত্র ১ হাজার ৮০০টি শিশুকে ক্যাপসুল খাওয়ানো সম্ভব হয়েছে।
পৌর শহরের ব্যাপারীপাড়ার গৃহিণী আছমা খাতুন বলেন, ‘আমার ১৫ মাসের একটি সন্তান রয়েছে। আজকে ক্যাপসুল খাওয়ানো হইতাছে আমার জানা নাই। মাইকিংও শুনি নাই। এলাকায় কেন্দ্র থাকলে এই রহম ভুল অইতো না।’
ছিটপাড়া এলাকার গৃহিণী কুলসুম বেগম বলেন, ‘কেন্দ্র কম থাহুনে আমগর বিরাট অসুবিধা অইছে। আগামী দিনে কেন্দ্র বাড়ানো অইলে আমগর সবার সুবিধা অইব।’
পৌরসভার ইপিআইয়ের সুপারভাইজার সাবিনা ইয়াসমিন বলেন, ‘দুটি কেন্দ্রে দিনব্যাপী শিশুদের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। কেন্দ্র কম থাকায় কোনো অসুবিধার অভিযোগ পাইনি।’
এ বিষয়ে পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, বেশি সংখ্যক কেন্দ্র স্থাপনের ব্যাপারে ওপর থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তাই এলাকায় ব্যাপকভাবে মাইকিং করে ২টি কেন্দ্রে শিশুদের নিয়ে আসার জন্য বলা হয়েছে। নির্দেশনা থাকলে অবশ্যই বেশি কেন্দ্র স্থাপন করা হতো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার সাহা বলেন, ‘পৌরসভার ব্যাপারে আমাদের কোনো প্রকার হস্তক্ষেপ করার সুযোগ নেই। তবে আমরা কেন্দ্র পরিদর্শন করি। কেন্দ্র কম হওয়ায় শিশুরা ক্যাপসুল খাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’