কেন্দ্র করায় বিপাকে রাঙামাটি সরকারি মহিলা কলেজ
সম্মান পরীক্ষার কেন্দ্র নির্ধারিত হওয়ায় আর্থিক সমস্যার কারণে পরীক্ষাকেন্দ্র পরিচালনায় রাঙামাটি সরকারি মহিলা কলেজ বিপাকে পড়েছে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কেন্দ্র নির্ধারণ এবং ফি বণ্টন করা হয়েছে। তবে স্থানীয়ভাবে যদি সমঝোতার ভিত্তিতে আদায় করা ফি বণ্টনে কোনো উদ্যোগ নেওয়া হয়, তাতে কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই। খোঁজ নিয়েজানা গেছে, ৬ জুলাই থেকে শুরু হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান তৃতীয় বর্ষের পরীক্ষায় রাঙামাটি সরকারি কলেজের পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছে রাঙামাটি সরকারি মহিলা কলেজ। কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪০ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরীক্ষাকেন্দ্র পরিচালনার জন্য প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে কেন্দ্র ফি বাবদ আদায় করা হয়। এর মধ্যে কেন্দ্রের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান ৬০ এবং পরীক্ষার্থীদের প্রতিষ্ঠান ৪০ ভাগ টাকা পাবে। কিন্তু ওই ৬০ ভাগ টাকা দিয়ে রাঙামাটি সরকারি মহিলা কলেজ কেন্দ্র পরিচালনা কোনো অবস্থায় সম্ভব নয় বলে জানান কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা।